Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

১৭ বছরেও আলোর মুখ দেখেনি ইআরএল-২, নতুন সংকটে দেশের জ্বালানি নিরাপত্তা

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম  (ভিজিটর : ৩১)

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পটি যেন কিছুতেই আলোর মুখ দেখছে না। দীর্ঘ ১৭ বছর ধরে কেবল ফাইল আর আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা এই মেগা প্রকল্প ঘিরে এবার তৈরি হয়েছে নতুন অচলাবস্থা। দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মাথায় পদত্যাগ করতে চেয়েছেন বর্তমান প্রকল্প পরিচালক (পিডি) আসমা আরা বেগম। আন্তর্জাতিক বাজারে জ্বালানির চলমান অস্থিরতা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিপুল আর্থিক ক্ষতির এই সময়ে এমন ঘটনা দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বরাবর বিপিসি চেয়ারম্যানের মাধ্যমে পাঠানো অব্যাহতিপত্রে আসমা আরা বেগম ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, দুই সন্তানের মানসিক বিকাশ ও শিক্ষার জন্য মায়ের নিবিড় সান্নিধ্য প্রয়োজন, যা এই বিশাল ও জটিল প্রকল্পের দায়িত্ব পালনের পাশাপাশি সম্ভব হচ্ছে না।

তবে ইস্টার্ন রিফাইনারি ও বিপিসির একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, এই পদত্যাগের পেছনের প্রকৃত চিত্র ভিন্ন। মূলত শুরু থেকেই এই প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ নিয়ে চরম অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ওঠে। চূড়ান্ত মূল্যায়নের পরও নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়া এবং সংশ্লিষ্ট মহলের অসহযোগিতার কারণেই তিনি হতাশ হয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০০৯ সালে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হলেও মূল উদ্যোগ নেওয়া হয় ২০১২ সালে। এরপর কেটে গেছে দেড় যুগের কাছাকাছি সময়। কালক্ষেপণের কারণে প্রকল্পের ব্যয় জ্যামিতিক হারে বেড়েছে। শুরুতে যেখানে এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৭ হাজার ৫০০ কোটি টাকা, তা ২০১৬ সালে ১৬ হাজার ৭৩৯ কোটিতে এবং ২০২২ সালে ২৩ হাজার ৫৮৯ কোটিতে উন্নীত হয়। সর্বশেষ ২০২৫ সালে এসে এই ব্যয় প্রায় ৩১ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে। দফায় দফায় এই ব্যয় বৃদ্ধি রাষ্ট্রের কোষাগারে যেমন পাহাড়সম চাপ ফেলছে, তেমনি প্রকল্পটির ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি করছে।

বর্তমানে পতেঙ্গায় অবস্থিত ইআরএলের প্রথম ইউনিটের বার্ষিক অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে ১৫ লাখ টন। দ্বিতীয় ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এই সক্ষমতা আরও ৩০ লাখ টন বেড়ে মোট ৪৫ লাখ টনে দাঁড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর দেশের নির্ভরশীলতা যেমন কমবে, তেমনি সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ডলার সংকটের কারণে বিপিসিকে চরম মূল্য দিতে হচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে তেল কিনে দেশের বাজারে সরবরাহ করতে গিয়ে মাত্র সাড়ে ছয় মাসেই সংস্থাটির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসানের নজিরও রয়েছে। নিজস্ব পরিশোধন সক্ষমতা না বাড়ালে আমদানিনির্ভর এই আর্থিক রক্তক্ষরণ থামানো প্রায় অসম্ভব।

সংশ্লিষ্ট জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, ইআরএল-২ এর মতো একটি অতি গুরুত্বপূর্ণ ও কারিগরি দিক থেকে জটিল প্রকল্পে পদে পদে বাধা আসাটা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই স্থবিরতা কাটাতে আন্তর্জাতিক মানের পরামর্শক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা জরুরি।

একইসঙ্গে বর্তমান পরিচালকের অব্যাহতি গৃহীত হলে, তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এমন কাউকে নিয়োগ দিতে হবে, যাঁর উচ্চমাত্রার কারিগরি জ্ঞান এবং প্রশাসনিক দক্ষতা রয়েছে। অন্যথায়, শুধু প্রকল্পের ব্যয়ই বাড়বে না, দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎও চরম হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রধান কার্যালয়ে সরেজমিনে উপস্থিত হয়েও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সাক্ষাৎ পাওয়া যায়নি। পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বারবার ফোনকল কেটে দেন। এছাড়া জনসংযোগ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও তাঁর পক্ষ থেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝