‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ - এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মো. হামিদুল হক বাবলুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী স্বপ্নীল জাহাঙ্গীর ফয়সাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এককভাবে যে কাজ অনেকের পক্ষে কঠিন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালনা করতে হবে। সমবায়ের মূল উদ্দেশ্য যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে তরুণ সমাজ ও নারীদের সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। দেশের উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
এফপি/মিব