Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

লেখাপড়ার পাশাপাশি মাল্টা চাষে সফল ফাহিম

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম  (ভিজিটর : ৩৮)

পাহাড়ি ফল হিসেবে পরিচিত মাল্টা এখন চাষ হচ্ছে সমতল ভূমিতেও। নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী এলাকায় তিন একর জমিতে প্রায় এক হাজার মাল্টাগাছের বাগান গড়ে তুলে সফলতা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। চার বছর আগে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করে এবার বাগানে পেয়েছেন আশানুরূপ ফলন। লেখাপড়ার পাশাপাশি কৃষি উদ্যোক্তা হিসেবে তাঁর এই সাফল্য এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ।

ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। চার বছর আগে সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের উদ্যোগ নেন তিনি। বর্তমানে তাঁর তিন একর জমির বাগানে সিলেট থেকে সংগ্রহ করা বারি মাল্টা-১ জাতের প্রায় এক হাজার গাছ রয়েছে। প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে মাল্টা। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর এবার বাগানজুড়ে এসেছে ভালো ফলন।

বাগানের মাল্টার স্বাদ ও মান ভালো হওয়ায় ক্রেতাদের কাছে বাড়ছে চাহিদা। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা সরাসরি বাগানে এসে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা ব্যতিক্রমী এ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। বাগানকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় দর্শনার্থী ও ক্রেতাদের কাছে ফাহিমের এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে। তাঁদের মতে, সমতল ভূমিতে মাল্টা চাষের এমন উদ্যোগ এলাকার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত তাজা ফল কেনার সুযোগ তৈরি হওয়ায় উপকৃত হচ্ছেন ক্রেতারাও।

ফাহিম জানান, প্রচলিত চাকরির পেছনে না ছুটে নিজেই একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে মাল্টা চাষ শুরু করেন। তাঁর উদ্দেশ্য, বেকার তরুণদের কৃষিনির্ভর উদ্যোগে উৎসাহিত করা এবং মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত ফল পৌঁছে দেওয়া। চলতি মৌসুমে তাঁর বাগানে কয়েক লাখ টাকার মাল্টা বিক্রি হয়েছে বলেও জানান তিনি।

ফরহাদুজ্জামান ফাহিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজের উদ্যোগে কিছু করার চিন্তা থেকেই মাল্টা চাষ শুরু করি। শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে ধীরে ধীরে পরিশ্রম ও পরিচর্যার মাধ্যমে বাগানটি সফলতার মুখ দেখছে। ভবিষ্যতে এ উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।’

এদিকে ফাহিমের মাল্টা বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। গাছের পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে তাঁকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। চাষাবাদে কোনো সমস্যার সম্মুখীন হলে তিনি কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘ফাহিমের মাল্টা বাগানটি কৃষি বিভাগের নজরদারিতে রয়েছে। তাঁকে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টা চাষে কোনো সমস্যা দেখা দিলে কৃষি বিভাগকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।’

সমতল ভূমিতে মাল্টা চাষ করে ফাহিমের এই সাফল্য স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁর মতো তরুণেরা কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে এলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের ফল উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝