Dhaka, Thursday | 19 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 19 November 2026 | English
শিরোনাম:

মগড়া নদী খনন ও সীমানা নির্ধারণ বিতর্ক, উচ্ছেদ আতঙ্কে তীরের বাসিন্দারা

উজান-ভাটি বাদ দিয়ে ৪১ কিলোমিটার খননে ৫০ কোটি টাকা ব্যয় নিয়ে সংশয়, বৈধ জমির মালিকদের হয়রানি বন্ধের দাবি

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম  (ভিজিটর : ৮১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোনা শহরের বুক চিরে বয়ে চলেছে ঐতিহ্যবাহী মগড়া নদী। একসময় এ জনপদের জীবন-জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের অন্যতম প্রধান অবলম্বন ছিল নদীটি। কিন্তু কালের পরিক্রমায় দখল, দূষণ ও নাব্যতা সংকটে নদীটি আজ নানা সমস্যায় জর্জরিত। নদী রক্ষা ও পুনরুদ্ধারের উদ্যোগকে স্বাগত জানালেও খনন পরিকল্পনা, সীমানা নির্ধারণ এবং নদীতীরের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই তীরের বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের হয়রানি করা হচ্ছে। পাশাপাশি উজান ও ভাটির অংশ বাদ দিয়ে মাঝখানের ৪১ কিলোমিটার নদী খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হলে সরকারের প্রায় ৫০ কোটি টাকা ব্যয় বিফলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

রোববার (৮ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মগড়া নদীর দুই তীরের বাসিন্দারা এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫ সালের মে মাসে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মচারী নদী উদ্ধারের নামে পৌর এলাকার মগড়া নদীতীরবর্তী বসতবাড়ি ও দোকানপাটে প্রবেশ করে সিএস নকশা অনুযায়ী জমি পরিমাপের চেষ্টা করেন। এ সময় কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর প্রতিবাদে তাঁরা ২২ মে তৎকালীন জেলা প্রশাসক ও প্রধান উপদেষ্টার কাছে গণস্বাক্ষরসংবলিত আবেদন পাঠান।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, মগড়া নদীর সীমানা নির্ধারণ নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিট পিটিশন নম্বর ৫১৬১/২০২৫ বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তাঁদের দাবি, ওই রিটে সিএস, আরএস ও নদীর আদি প্রবাহ অনুযায়ী সীমানা নির্ধারণের বিষয়টি উত্থাপন করা হয়েছে। এ অবস্থায় আদালতের নির্দেশনা ও ভূমির বিদ্যমান রেকর্ড যথাযথভাবে বিবেচনা না করে কোনো নাগরিককে তাঁর বসতভিটা থেকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া উচিত নয়।

বাসিন্দাদের দাবি, নদীতীরবর্তী অনেক মানুষ বিআরএস রেকর্ড অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এসব জমির মালিকানা ও বৈধ কাগজপত্র যাচাই না করে শুধু সিএস নকশার ভিত্তিতে জমি পরিমাপ কিংবা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে আদালতের নির্দেশনা, সরকারি আদেশ ও জরিপের আইনগত ভিত্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান তাঁরা।

অন্যদিকে, মগড়া নদী খনন প্রকল্পের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন সংবাদ সম্মেলনের আয়োজকেরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৫৫ কিলোমিটার দীর্ঘ নদীটির মাত্র ৪১ কিলোমিটার খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁদের আশঙ্কা, নদীর উজান ও ভাটির প্রায় ১১৪ কিলোমিটার অংশ খননের বাইরে রেখে মাঝখানের অংশ খনন করা হলে উজান থেকে নেমে আসা বালু ও পলি পুনরায় খনন করা অংশে জমতে পারে। এতে অল্প সময়ের মধ্যেই খননের সুফল নষ্ট হওয়ার পাশাপাশি সরকারের প্রায় ৫০ কোটি টাকার ব্যয়ও বিফলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত খননকাজে নদীর গভীরতা ১ দশমিক ৫ থেকে ২ মিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে নেত্রকোনা শহরের সাতপাই, মোক্তারপাড়া, কাটলী ও আরামবাগসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন এবং জনবসতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, শহরের নিরাপত্তা বিবেচনায় খননকাজ শুরুর আগে স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে পূর্ণাঙ্গ কারিগরি ও পরিবেশগত সমীক্ষা করা প্রয়োজন।

এ ছাড়া পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত মগড়া নদীর প্রায় সাত কিলোমিটার অংশের দুই তীরে মোট ১৪ কিলোমিটার এলাকায় ওয়াকওয়ে নির্মাণের প্রয়োজন থাকলেও প্রকল্পের প্রস্তাবে প্রতিটি তীরে মাত্র ৮০০ মিটার করে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেন আয়োজকেরা। প্রকল্পের ব্যয়, খননের গভীরতা, দরপত্র, কার্যাদেশ ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা জনসমক্ষে প্রকাশের দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলন থেকে নদীর সীমানা নির্ধারণে সিএস, আরএস ও বিআরএসসহ সংশ্লিষ্ট সব ভূমি রেকর্ড যাচাই, জমির মালিকদের যথাযথ নোটিশ প্রদান, তাঁদের বক্তব্য শোনা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়। পাশাপাশি মগড়া নদী খনন প্রকল্পের কারিগরি যৌক্তিকতা পুনর্মূল্যায়ন, সম্ভাব্য ভাঙনঝুঁকি নিরূপণ এবং সরকারি অর্থের অপচয় বা অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও চ্যানেল আইয়ের নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া হেলিম, প্রেস ক্লাব পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শ্যামলন্দ পালসহ স্থানীয় সাংবাদিকেরা। এ সময় মগড়া নদীর দুই তীরের বাসিন্দাসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘নিয়ম মেনেই প্রকল্পের কাজ শুরু করা হবে। এতে কোনো ব্যক্তির ক্ষতি করা হবে না।’

নদী রক্ষার নামে নদীতীরের মানুষের বসতভিটা ও জীবিকার নিরাপত্তা যেন হুমকির মুখে না পড়ে এবং উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝