চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে সার পাচারের সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত বিসিআইসি সার ডিলারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এক নসিমনচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার গোলাম শাহনেওয়াজ এবং নসিমনচালক মো. মতিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদালতে স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় ডিলার গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে নসিমনচালক মো. মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার গোপনে সরিয়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
এফপি/মিব