প্রবাসীর পাঠানো টাকা নিয়ে বিরোধ, সাঁথিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম (ভিজিটর : ৮)

সংগৃহীত ছবি
পাবনার সাঁথিয়ায় প্রবাসী স্বামীর পাঠানো টাকা বাপের বাড়িতে পাঠানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে রোমেনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুর রহিমের (৪৫) বিরুদ্ধে।
নিহত রোমেনা খাতুন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহুম আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী আব্দুর রহিম একই ইউনিয়নের ধুলাউড়ি চরপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে। তাঁদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহিম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। দুই মাস আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালে স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত টাকা পাঠাতেন তিনি।
সম্প্রতি রোমেনা ওই জমানো টাকা থেকে কিছু অংশ তাঁর বাবার বাড়িতে পাঠান। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।
এরই জেরে গত সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে আব্দুর রহিম তাঁর স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এফপি/মিব