সবুজে বাঁচার স্বপ্ন ও নির্মল পরিবেশের প্রত্যাশায় নেত্রকোনায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) নেত্রকোনা পুলিশ লাইনে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোনার সভানেত্রী জীবন নাহার নাসরিন জেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে পুলিশ লাইন স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। ছোট্ট হাতে চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়।
প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ যত্ন ও পরিচর্যা করতে হবে। তাহলেই বৃক্ষরোপণের সার্থকতা আসবে।
তিনি বলেন, একটি চারা ভবিষ্যতে বড় বৃক্ষে পরিণত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের জন্য ছায়া দেওয়ার পাশাপাশি নির্মল পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি করতে চান তারা। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পুলিশ লাইনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, পুলিশ লাইন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এফপি/র