রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ উজানচর এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে সন্ধ্যা ৬টার দিকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ উজানচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। একই সময় ইসলাম সেক ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসলাম সেক ওরফে আকাশ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ভোলাই মাতবর পাড়া এলাকার এরশাদ সেকের ছেলে।
এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত এবং নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এফপি/র