জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধন শেষে আলোচনা সভায় উপাচার্য বলেন, শিক্ষার ভিত্তি শক্ত করতে প্রাথমিক স্তর থেকেই গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই স্কুলে সন্তানদের ভর্তি করাতে পারবেন। সবার জন্য সমান সুযোগ থাকবে।
তিনি বলেন, স্কুলটির ব্যয় এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে অভিভাবকদের ওপর বাড়তি চাপ না পড়ে। নিরাপদ পরিবেশে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
উপাচার্য আরও জানান, বর্তমানে স্কুলটিতে পাঁচজন শিক্ষক অবৈতনিকভাবে পাঠদান করছেন। তাঁদের বেতন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে। দ্রুতই শিক্ষকরা বেতনভুক্ত হবেন এবং প্রতিষ্ঠানটি সরকারি করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঁচতলা ভিত্তির ওপর নির্মিত পাঁচতলা ভবনটির প্রতি তলার আয়তন ১১ হাজার ৫০০ বর্গফুট। ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
এফপি/র