প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম (ভিজিটর : ৯)
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলার আইসিইউ-১ এর সামনে মুমূর্ষু রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে নাজমুল আলম বিপ্লব (২৮) নামের এক ছিনতাইকারী মোবাইল ও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সেখানে দায়িত্বরত ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের সবুজবাগ থানাধীন হাসপাতালের একটি টহল দল তখন দ্রুত তৎপরতা দেখায়। পিসি মো. জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য শ্রী সুজিত চন্দ্র ও আনসার শ্রী তাপস চন্দ্র অত্যন্ত সাহসিকতার সাথে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন।
আটকের পর আনসার সদস্যরা তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের মূল্যবান মালামাল রক্ষা পাওয়ায় উপস্থিত ভুক্তভোগী ও সবার মাঝে দ্রুত স্বস্তি নেমে আসে।
পরবর্তীতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশনা অনুযায়ী আটক বিপ্লবকে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করা হয়। দেশের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে তৎপর রয়েছে, এই ঘটনা তারই আরো একটি দৃষ্টান্ত।