প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম (ভিজিটর : ৫৯)
নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় অটোচার্জারের ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মহাদেবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের একমাত্র মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, জাকির হোসেন মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শবনমের ভাইয়ের পড়াশোনার সুবিধার জন্য সে তার মা ও নানির সঙ্গে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। বুধবার বিকেলে নানির সঙ্গে বাসার বাইরে বের হয় শবনম।
এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোচার্জার তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে ছিটকে পড়লে অটোচার্জারটির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।