প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম (ভিজিটর : ১০)
নওগাঁর রাণীনগরে ২৮ বোতল (৭ লিটার) চোলাই মদসহ মো. সোহাগ (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুবরাতলী বাজারে এ ঘটনা ঘটে।
আটক সোহাগ নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে একটি চার্জারভ্যান ও বাজারের ব্যাগ নিয়ে সোহাগকে কুবরাতলী বাজারের বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
কয়েকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ২৮ বোতল চোলাই মদ পাওয়া যায়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সোহাগ দাবি করেন, নওগাঁ থেকে কুবরাতলী বাজারের কসাই মো. হারুন ও ছাগল ব্যবসায়ী মো. কাইয়ুমকে দেওয়ার জন্য তিনি ওই মদ নিয়ে এসেছেন। তবে হারুন ও কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ মদের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
পরে খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহাগকে ২৮ বোতল চোলাই মদসহ থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।