ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাণীশংকৈল উপজেলার তীরনই নদী থেকে দুই শিশুর এবং ভুল্লী নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) ও জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪) বুধবার বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা তীরনই নদীর পাড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
অন্যদিকে, ভুল্লী উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের বাংরোট গ্রামে ভুল্লী নদীতে ডুবে মো. হোসাইন (৫) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
বুধবার দুপুরে কয়েকজন শিশুর সঙ্গে খেলতে গিয়ে ইউনিয়নের সুইজগেট এলাকার ভুল্লী নদীর নতুন সেতুর পাশে যায় হোসাইন। একপর্যায়ে পা পিছলে সে নদীতে পড়ে যায়। ওই সময় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পরিবারের সদস্যদের অগোচরে নদীর পাড়ে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফপি/র