বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
চারা বিতরণ করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। পরে তিনি মোংলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যেও চারা বিতরণ করেন।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলজ গাছের চারা রোপণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে মো. জুলফিকার আলী বলেন, সুন্দরবন ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদকে রক্ষা করে। সুন্দরবন ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় ভূমিকা রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম ও জসিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/ফ