মৎস্যসম্পদের উন্নয়ন ও মাছের উৎপাদন বাড়াতে খুলনার পাইকগাছায় প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানখেতসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি আলতাফ হোসেন, বিএনপি নেতা মোল্লা ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ৪০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৪ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায়ও এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এফপি/ফ