প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম (ভিজিটর : ২৪)
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মন্ডল (৬৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাত ৮টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাহাজুদ্দিন তাকে মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ের মধ্যে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। আহত অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কুমারখালী থানায় তাহাজুদ্দিন মন্ডলকে একমাত্র আসামি করে মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর কুমারখালী থানার উপপরিদর্শক আজাদ আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা দিয়েছেন।