কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল খালেক (৩০) নামে এক ব্যক্তি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যান।
রোববার (৩০ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল বড়ুয়া পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম কুমার সূত্রধরের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর সময় হাতে থাকা ব্যাগটি রাস্তায় ফেলে দেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ২৫টি পলিজিপারে থাকা ৫ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তি আবদুল খালেক ওই এলাকার ফরিদ আলমের ছেলে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সোমবার উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, মাদক উদ্ধারের পাশাপাশি পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।