চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ময়জান খাতুন (৭৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে মহেশপুর মোল্লাপাড়া ঘাটে গোসল করতে নেমে নদীর স্রোতে ভেসে নিখোঁজ হন তিনি।
নিহত ময়জান খাতুন মহেশপুর এলাকার মৃত আকবার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, নিখোঁজের পর তাঁকে উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হয়। পরে মহেশপুর ঘাট এলাকায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
এফপি/ফ