খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন এবং সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ১৪৫ জন ডেঙ্গু রোগী ও ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন এবং খুলনা জেলা হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছেন।
এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩২২ জনে। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন।
অন্যদিকে, হামসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ৮৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৬৫ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এফপি/ফ