Dhaka, Saturday | 29 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 29 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে মাদকবিরোধী শোভাযাত্রার দিনেই গাঁজাগাছ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৩১ পিএম আপডেট: ২৯.০৮.২০২৬ ৮:৩২ পিএম  (ভিজিটর : ১০)

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয়টি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দাদের উদ্যোগে বক্তারকান্দি এলাকায় মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সবুজ, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

শোভাযাত্রা চলাকালে স্থানীয় কয়েকজন বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মাদক সেবনের আস্তানা রয়েছে বলে জানান। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসকসহ কয়েকজন সেখানে গিয়ে মাদক সেবনের কিছু আলামত দেখতে পান।

এ সময় ওই স্থানের পাশে একটি বড় গাঁজাগাছ দেখতে পাওয়া যায়। পরে আশপাশে খোঁজ করে আরও পাঁচটি ছোট গাঁজাগাছ শনাক্ত করা হয়। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি গাঁজাগাছ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ছয়টি গাঁজাগাছ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকবিরোধী কর্মসূচি চলাকালে একই এলাকা থেকে গাঁজাগাছ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝