লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগল চুরি মামলার আসামি ফিরোজকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র। তাঁরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওদাবাস এলাকার বাসিন্দা জাকিরুল ইসলামের দুটি ছাগল চুরি হয়। পরে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ফিরোজ নামে এক ব্যক্তিকে ছাগল দুটি নিয়ে যেতে দেখা যায় বলে অভিযোগ করেন বাদী। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আসামি ফিরোজকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের কয়েকজন ব্যক্তি বাধা দেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ সদস্যদের মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে উপপরিদর্শক আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র আহত হন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বলেন, আসামিপক্ষের লোকজন পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির সময় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হন।
পরে চুরি মামলার আসামি ফিরোজকে আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শুক্রবার রাতে থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফপি/ফ