গাজীপুরের টঙ্গীতে পুলিশ পরিচয় দেওয়া আরিয়ান আহমেদ আলফি (২২) নামে এক যুবককে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তাঁর কাছ থেকে ওয়াকিটকি, হুটার, খেলনা পিস্তল ও সিগন্যাল লাইট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আলফি টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আলফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল, একটি সিগন্যাল লাইট এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ ৩৬-৬৩৫৯।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এফপি/ফ