সুনামগঞ্জের তাহিরপুরে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বাদাঘাট বাজার থেকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সড়ক পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বাদাঘাট ইউনিয়ন আনসার-ভিডিপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রায় ৩৫ জন ভিডিপি সদস্য ও সদস্যা অংশ নেন। তাঁরা সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করেন। একই সঙ্গে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।
ভিডিপি ইউনিয়ন দলনেতা ও রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা দল পদকপ্রাপ্ত শাহ আলীর নেতৃত্বে এবং সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. হযরত আলীর তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় স্থানীয় ভিডিপি সদস্যরা এতে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সড়কের পাশে যাতে পুনরায় ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে জন্য বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা আনসার-ভিডিপির এ উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়বে।
সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে আসছে। বাদাঘাটের পরিচ্ছন্নতা অভিযানও বাহিনীর জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের অংশ।
এফপি/ফ