ঝিনাইদহের কালীগঞ্জে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে তাজিম হোসেন (২৬), শহরের আড়পাড়া নদীপাড় এলাকার রিপন মিয়ার ছেলে রিফাত মিয়া (২৫) এবং একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রমজান আলী (৩৮)।
পুলিশের দাবি, বৃহস্পতিবার ভোরে কয়েকজন ব্যক্তি আড়পাড়া এলাকায় মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তাজিম হোসেন চাপরাইল কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং রিফাত মিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত। রমজান আলীও ছাত্রলীগের সাবেক কর্মী বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এফপি/ফ