ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকার ফায়ার সার্ভিস মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
নেক্সোরা ট্রেডিং করপোরেশনের আয়োজনে এবং প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছা। ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরের মানুষ সুস্থ বিনোদন থেকে বঞ্চিত ছিলেন। মাসব্যাপী এ মেলার মাধ্যমে সেই অভাব কিছুটা পূরণ হবে। পাশাপাশি কুটির শিল্পের বিকাশ ও স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হক, উপজেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ুর রহমান জালু, সাবেক ভিপি মজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন বাসু, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল করিম ও মীর মোশাররফ হোসেন বকুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় শতাধিক স্টল নিয়ে অংশ নিয়েছেন। মেলায় চারটি প্যাভিলিয়ন ও বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও বিভিন্ন সামগ্রীর পাশাপাশি রয়েছে খাবারের দোকান। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।
মেলা আয়োজক কমিটির প্রধান হাবিবুর রহমান জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সপ্তাহে এক দিন ছুটির দিনে স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশের পাশাপাশি বিভিন্ন রাইড উপভোগ করতে পারবে।
এফপি/ফ