Dhaka, Saturday | 29 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 29 August 2026 | English
শিরোনাম:

মান্দায় ডিবি পুলিশ পরিচয়ে লুট, তিনজন আটক

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিটর : ৪৮)

নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মানিক, এনামুল ও মাহবুব। তাঁদের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার ফুলবাড়ী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে তিন যুবক পারইটুঙ্গী গ্রামের বাসিন্দা সুকুমারের বাড়িতে যান। তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে অবৈধ মাদক রয়েছে দাবি করে তল্লাশি চালানোর কথা বলেন।

একপর্যায়ে বাড়ির দুই সদস্যকে হাতকড়া পরিয়ে দুই ব্যক্তি ঘরে প্রবেশ করেন। পরে তাঁরা ঘরের আসবাবের একটি ড্রয়ার ভেঙে স্বর্ণের চেইন, গলার হার, কানের দুল, কোমরের বিছাসহ নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

লুটপাটের পর বাড়ির সদস্যদের হাতকড়া খুলে দিয়ে ওই ব্যক্তিরা বাড়িতে কোনো মাদক পাওয়া যায়নি এবং ভুল তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়েছে বলে জানান। পরে অন্য একটি বাড়িতে তল্লাশি চালানোর কথা বলে তাঁরা মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান।

তাঁরা চলে যাওয়ার পর বাড়ির লোকজন ঘরের অবস্থা দেখে লুটের বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার শুরু করেন। পরে স্বজনদের মাধ্যমে বিষয়টি পার্শ্ববর্তী বাগমারা উপজেলার শিমলা বাজার এলাকার লোকজনকে জানানো হয়।

খবর পেয়ে স্থানীয়রা শিমলা বাজারসংলগ্ন ফজরের মোড় এলাকায় সড়কে ভ্যান দিয়ে ব্যারিকেড তৈরি করেন। পরে সেখানে ওই তিনজনের মোটরসাইকেল আটকে গেলে স্থানীয়রা তাঁদের ধরে মারধর করেন বলে জানা গেছে। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলটি মান্দা ও বাগমারা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় দুই থানার পুলিশ সেখানে যায়। পরে দুই থানার সমন্বয়ে আটক ব্যক্তিদের মান্দা থানায় নেওয়া হয়। এ ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ পরিচয়ে কেউ সন্দেহজনক বা অনৈতিক কর্মকাণ্ড চালাতে এলে আতঙ্কিত না হয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করতে হবে অথবা নিকটস্থ থানায় বিষয়টি জানাতে হবে।

স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামেও একই কায়দায় ডিবি পুলিশ পরিচয়ে চুরির ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝