মুন্সীগঞ্জের টংগিবাড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির দায়ে ‘মুসলিম সুইটস অ্যান্ড বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত টংগিবাড়ী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান সূত্রে জানা যায়, মুসলিম সুইটস অ্যান্ড বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইকবাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে টংগিবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এফপি/ফ