চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ট্রাকের ২০০ পিস বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করেছে ৫৯ বিজিবি। জব্দ করা যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
প্রাথমিকভাবে বিজিবি জানিয়েছে, এসব যন্ত্রাংশ চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলায় একটি গোডাউনের পাশে অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছিল ৫৯ বিজিবি।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ