কুষ্টিয়ার ভেড়ামারা থানার শিশু সহিংসতা মামলায় মোঃ একরাম মোল্লা (৭৪) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম দন্ড প্রাপ্ত আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে মোঃ একরাম মোল্লা।
আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার সময় ১৪ বছর বয়সী এক মানুষিক প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ প্রতিবন্ধী তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তার মা ভেড়ামারায় থানায় মোঃ একরাম মোল্লাকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর এজাহার নামীয় আসামী মোঃ একরাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ এনে ভেড়ামারা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম চার্জশীট দেয় আদালতে।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) এ্যাডভোকেট আলহাজ্জ মোঃ আব্দুল মজিদ জানান, ভেড়ামারা থানার মামলায় জড়িত আসামাী একরাম মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগে স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
এফপি/ফ