দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাছুয়পাড়া (আলদাতপুর) বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৫০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তবে তিনি কিশোরগঞ্জে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকায় নবাবগঞ্জের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী-এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হোসেন, আতিকুর রহমান রাজা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্ধারিত উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো সরকারের সামাজিক সুরক্ষা ও সহায়তা কার্যক্রমের আওতায় বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এফপি/র