সাতক্ষীরার কালীগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এতে একজন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধারের কথাও জানিয়েছে দলটি।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ সময় দুটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হামলায় একজন আহত হন। পরে ঘটনাস্থলে আরো দুটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায় বলে তারা জানান। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসআই মতিনসহ পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এফপি/র