সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা কবে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার দশজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালি গ্রামের আপন দুই ভাই মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাঁদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এফপি/অ