Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

পরিত্যক্ত সাইক্লোন সেন্টার পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৪০ পিএম  (ভিজিটর : ৭)

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের নির্মাণাধীন ও দীর্ঘদিন ধরে ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) কাজী রওনাকুল ইসলাম টিপু।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে অর্ধসমাপ্ত ভবনের বর্তমান অবস্থা সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী জানান, ২০২১ সালের মার্চে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। ২০২৩ সালের মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ধেক কাজ সম্পন্ন করে প্রকল্পটি ফেলে চলে যায়। এ পর্যন্ত প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করা হলেও বাকি কাজ অসমাপ্ত রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে যায়। ফলে তিন বছর ধরে প্রকল্পটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে এবং এটি বর্তমানে ব্যবহার অনুপযোগী।

পরিদর্শন শেষে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, প্রকল্পের কাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় এটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং স্বাভাবিক সময়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের কাজে ব্যবহৃত হবে।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বর্তমান সরকারের লক্ষ্য। নতুন টেন্ডারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটির অবশিষ্ট নির্মাণকাজ শুরু করে সম্পন্ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো. মোস্তফা রায়হান, এমডির সহকারী আব্দুস ছালাম হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবির এবং সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদ।

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান রুপালি কনস্ট্রাকশনের প্রতিনিধি অমল দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝