বগুড়ার সারিয়াকান্দিতে পাওয়ার টিলারের চাপায় দুদু আকন্দ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামের ঈদগাহ মাঠ এলাকার লখি আকন্দের ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে দুদু আকন্দ ওই এলাকার পাওয়ার টিলারচালক আব্দুস সালামকে নিয়ে বাড়ির পাশের জমিতে হাল চাষ করতে যান। জমির আইল উঁচু থাকায় পাওয়ার টিলারটি জমিতে তুলতে সমস্যা হচ্ছিল। এ সময় দুদু আকন্দ আইল কাটছিলেন এবং আব্দুস সালাম পাশের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করছিলেন।
একপর্যায়ে অসাবধানতাবশত পাওয়ার টিলারটি দুদু আকন্দকে ধাক্কা দিলে সেটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এফপি/র