Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

যশোরে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, জনদুর্ভোগ কমেছে

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৩৬ পিএম  (ভিজিটর : ২৬)

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত একটি পিচঢালা রাস্তা সংস্কার করা হয়েছে। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমে স্থানীয় মানুষের চলাচল সহজ হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে জেলা কমান্ড্যান্ট (যশোর) মাজহারুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর সার্বিক তত্ত্বাবধানে এ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাগরদাঁড়ী গ্রামের প্রায় ১২০ ফুট দীর্ঘ ক্ষতিগ্রস্ত ও চলাচলের অনুপযোগী পিচঢালা সড়কটি মেরামত করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছিল।

সংস্কার কাজে অংশ নেন ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের দলনেতা মো. আলী হোসেন, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. ইয়াসিন আলী, সহকারী প্লাটুন কমান্ডার মো. আনোয়ার হোসেন, ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা মো. তালিব হোসাইন এবং সাগরদাঁড়ী ইউনিয়নের সঞ্জীবনী প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যরা। এছাড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, দলনেতা-দলনেত্রী এবং অন্যান্য সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশ নেন।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় চলাচল উপযোগী করে তোলা হয়। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনদুর্ভোগ লাঘব, সামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডেও বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। সাগরদাঁড়ীতে রাস্তা সংস্কারের এই উদ্যোগ সেই জনবান্ধব ভূমিকারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝