Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এ টি এম আব্দুল বারী ড্যানী

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৫১ এএম  (ভিজিটর : ৪৫)

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী। 

শনিবার অপরাহ্নে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

বিআইডব্লিউটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদানের পর তিনি বাংলামোটরে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজে পৌঁছান। সেখানে অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে বিআইডব্লিউটিসির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

এ টি এম আব্দুল বারী ড্যানী ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এবং ১৯৯৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক।

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে ১৯৭১ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন এ টি এম আব্দুল বারী ড্যানী। তাঁর বাবা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এবং মা জহুরা বেগম। তাঁর স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

বিআইডব্লিউটিসি সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে দেশের নৌপরিবহন সেবার আধুনিকায়ন, যাত্রীসেবা উন্নয়ন এবং করপোরেশনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝