ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের চুমুরদী এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাঁদের পানিতে পড়ে যায় । এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড় আসা দশমিনা এক্সপ্রেস পরিবহনের একটি বাস চুমুরদী এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
বাসের এক যাত্রী অভিযোগ করেন, “প্রবল বৃষ্টির মধ্যেও চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাঁদে পড়ে যায়।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন এবং বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বৃষ্টি ও পিচ্ছিল সড়কের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এফপি/ফ