খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোনাডাঙ্গায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রশাসনের আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। কর্মসূচিতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অবরোধের কারণে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বেলা ১টার পর কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।
পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ জানান, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের একাধিক অভিযান চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিলের আশ্বাস দেন তিনি।
পুলিশের আশ্বাসের পর শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের পর কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।