খুলনা নগরীতে হোটেল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক লবণচরা থানার হরিণটানা অটো স্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে। তবে এ ঘটনায় কথিত স্ত্রী ফাতেমাকে পুলিশ আটক করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উল্লিখিত দু'জনই স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করে। তাদের উভয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুকে কথিত স্ত্রী ফাতেমা শ্বাসরোধ করে হত্যা করে।
পরে বিষয়টি জানা জানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং স্ত্রী থানা হেফাজতে নেওয়া হয়।
সদর থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন রিপন বলেন, বাবুর আগে একজন স্ত্রী রয়েছে। তিনি ঢাকায় থাকেন। তার সাথে কোনো যোগাযোগ নেই।
ফাতেমার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ে করার জন্য চাপ দিতে থাকে সে। রবিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওড়না গলায় পেচিয়ে শ্বাসরোধ করে ফাতেমা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।
কথিত স্ত্রী ফাতেমাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফপি/অ