Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

সিলেটে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিটর : ৬৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের বালাগঞ্জে দুর্গাপূজার একটি মণ্ডপে দুর্গা, কার্তিক ও গণেশসহ কয়েকটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুজ্জামান শিশির (২৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগটি করেন পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক পাল মোহন দাস (৫১)।

অভিযোগপত্রে বলা হয়, বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের নবীনগর এলাকায় পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও পূজার প্রস্তুতি চলছিল। প্রতিমা নির্মাণের কাজ শেষ হওয়ার পর নিরাপত্তার জন্য মণ্ডপের চারপাশে টিনের বেড়া দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে সাইফুজ্জামান শিশির মণ্ডপে প্রবেশ করে প্রতিমায় হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে দুর্গা প্রতিমার হাত, কার্তিকের হাত-পা, দেবী দুর্গার বাহনসহ কয়েকটি প্রতিমার অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুরে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও বলেন, বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

ঘটনাকে কেন্দ্র করে পূজা মণ্ডপের নিরাপত্তা ও আসন্ন দুর্গাপূজার সার্বিক পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালনে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনাটি যথাযথ তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝