কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গাসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় তিন কিশোরকে আটক করে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় উখিয়া থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আটজনের মধ্যে নিয়মিত মামলায় চারজন, জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানাভুক্ত দুজন এবং জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন মোহাম্মদ আইয়ুব (৩৪)। তিনি উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ (৩৪) নামের আরেক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় তিন কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
গ্রেপ্তার আটজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।