লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ঐক্যবদ্ধ করে তাঁদের পেশাগত মানোন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে যাত্রা শুরু করেছে ‘কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটি’। এ উপলক্ষে ৭১ সদস্যবিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত কমিটিতে সহকারী অধ্যাপক ও জেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং মানবাধিকারকর্মী ও সমাজসেবক জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ৩ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় কুড়িগ্রাম- চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
অরাজনৈতিক এ সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলতাফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও সমাজসেবক রফিকুল হায়দার, বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রানা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রেজাউল কবীর রানু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আতাউর রহমান আতা এবং বিশিষ্ট সংগীতশিল্পী, সমাজসেবক ও এনজিওকর্মী মোছা. আলেয়া খাতুন।
সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা সমাজ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সৃজনশীল কর্মকাণ্ডের যথাযথ স্বীকৃতি, পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এ সংগঠন কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জেলার সৃজনশীল মানুষদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব। এর ফলে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশের পাশাপাশি মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডও সম্প্রসারিত হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির নেতৃত্বে কুড়িগ্রামের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, সৃজনশীল ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
এফপি/মিব