ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জামাল মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। পরে তাঁর বসতবাড়ি থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল মিয়া ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এফপি/মিব