Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে অসহায় মানুষের পাশে ৩৪ বিজিবি

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিটর : ১২)

মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ী উপজেলার ঘুমধুম ইউনিয়নে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন। একই সঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কিয়াংঘর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদ এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

বিজিবি সূত্র জানায়, ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’—মহাপরিচালকের (ডিজি) এ ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ অসহায়, গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এছাড়া কর্মসূচির আওতায় স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান এবং বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধেই নয়, সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণেও সবসময় পাশে রয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকার অনেক দরিদ্র মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। বিজিবির এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝