বাগেরহাটের শরণখোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
এ মেডিকেল ক্যাম্পেইনে ২৫৫ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এফপি/র