খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা করেছেন সদ্য যোগদানকারী খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার।
সভায় তিনি মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ কমিশনার স্পষ্টভাবে জানান, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) (ভারপ্রাপ্ত) এবং কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এফপি/র