রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে মুনারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর কবির গ্রামের বাসিন্দা এবং মৃত চান খার ছেলে।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা থেকে প্রায় ৪৫ থেকে ৫০ জনের একটি দল নৌভ্রমণের উদ্দেশ্যে দৌলতদিয়ায় আসে। এ সময় মুনারুল ইসলাম তার ৫ থেকে ৬ জন সঙ্গীকে নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে প্রবেশ করেন। কিছু সময় সেখানে অবস্থান করার পর রাত আনুমানিক ২টার দিকে যৌনপল্লীর প্রধান ফটকের সামনে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন।
তার সঙ্গে থাকা ব্যক্তিরা ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অসুস্থ হওয়ার আগে তিনি যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন। তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে বুকে ব্যথা অনুভব করেন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যৌন উত্তেজক ওষুধ সেবনের বিষয়টি বিভিন্ন সূত্রে শোনা গেলেও এটি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/ফ