সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “শিশুদের এখানে কয়েদি হিসেবে আটকে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য হলো, তারা যেন এখান থেকে সংশোধিত ও প্রশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পরবর্তীতে কর্মজীবনে তারা সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারে।”
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে ‘শিশু উন্নয়ন কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “এই উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান দেখেছি। এখানকার শিশুদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ নিয়েছি। এখানকার খাবারের মান নিয়ে কারও কোনো অভিযোগ নেই।”
তিনি বলেন, সামাজিক আন্দোলন ছাড়া শুধু আইন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ এবং নারী নির্যাতন রোধ করতে হলে জনমত তৈরি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এবং টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খানসহ অনেকে।
এফপি/র