ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, ভোলায় সেতু এবং দক্ষিণাঞ্চলে শিল্পায়নের স্বার্থে গ্যাস সংযোগ নিশ্চিত করতে সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত “মিট দ্য রিপোর্টার্স” অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মজিবর রহমান সরোয়ার বলেন, ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে সবাই একমত হয়েছেন এবং এ বিষয়ে জাতীয় সংসদেও তিনি বক্তব্য রেখেছেন।
তিনি জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে বরিশাল অঞ্চলের বিএনপির ১৮ জন সংসদ সদস্য এবং সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজাতে ২১ জেলার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হয়েছিল।
জাতীয় বাজেট প্রসঙ্গে সরোয়ার বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য অনুযায়ী, বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে।
ছাত্ররাজনীতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে একটি ছাত্র সংসদও নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্ব তৈরি হবে কীভাবে—এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। সেই কমিটমেন্ট কোথায়? এনসিপি প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে এনসিপি পাঁচ-দশ হাজার লোকও একত্র করতে পারবে না।
মুক্তিযুদ্ধের চেতনার ওপর গুরুত্বারোপ করে মজিবর রহমান সরোয়ার বলেন, যে-ই রাজনীতি করুক, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশ নেননি তারাও স্বাধীন দেশের সুফল ভোগের সমান অধিকার রাখেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বরিশাল বিভাগীয় জাদুঘর বরিশাল থেকেই পরিচালনা এবং সব বিভাগীয় দপ্তর বরিশালে স্থাপনের দাবি জানান তিনি। দক্ষিণাঞ্চলের জন্য জাতীয় বাজেটে অপর্যাপ্ত বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাসও দেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান ইসরাইল পণ্ডিত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক আজকের পরিবর্তন-এর প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদসহ সাংবাদিক ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এফপি/র