দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও অসচ্ছল ৫১টি পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন অনুদান হিসেবে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝেও এককালীন আর্থিক অনুদান এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “সমাজের কোনো মানুষকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। ক্ষুদ্র জাতিসত্তা, প্রতিবন্ধী, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় যুক্ত করেই একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা হবে। শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসনের মাধ্যমে সবাইকে আত্মনির্ভরশীল করাই সরকারের লক্ষ্য।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও চেক তুলে দেন।
এফপি/র